
নিউজ ডেস্কঃ যেখানে দুর্নীতি ধরা পড়েছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও তিনি জানান। সোমবার (০১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় খুলনা বিল উত্থাপনের পর তার ওপর জনমত যাচাই-বাছাই প্রস্তাব প্রসঙ্গে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
এ প্রস্তাব উপস্থাপন করলে বিরোধী দলের সংসদ সদস্যরা স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার বক্তব্যে বলেন, দুর্নীতির অভিযোগ করা হয় কিন্তু যেখানে দুর্নীতি ধরা পড়েছে, আমরা সেখানেই ব্যবস্থা নিয়েছি। আমরা কাউকে ছাড় দেইনি। জেলে পর্যন্ত তাদের নিয়েছি।