
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকেই বহন করে চলেছে। ‘সেভেন মার্ডার দিবস’ উপলক্ষে আজ রবিবার সকালে রাজধানীর আজিমপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবে কিন্তু বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই ১৯৯৪ সালের আজকের দিনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন বিএনপির পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল আজিজ পরাজয়ের প্রতিশোধ নিতে সশস্ত্র হামলা চালায়। সেদিনের বিজয় আনন্দ বিষণ্ণ বেদনায় রূপ নেয়। যাতে ৭জন আওয়ামী লীগের নেতা প্রাণ হারান।’