
নিউজ ডেস্কঃ কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এক বৃহৎ মহাকাব্য। এই বাংলাদেশের সবটাজুড়ে তার জীবন জড়িয়ে আছে। তিনি বলেন, দুঃখজনকভাবে তার (বঙ্গবন্ধু) জীবনটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু তিনি তার স্বল্পায়ু জীবনের শৈশব-কৈশোর থেকে মানুষের কল্যাণে, মঙ্গলে নিজেকে যেভাবে নিয়োজিত রেখেছিলেন সেটি ছিল অনেক বিশাল ও সুবিস্তৃত।
রোববার (৩১ জানুয়ারি) ঢাকাস্থ জাতীয় জাদুঘরে ‘প্রতিদিন মুজিবপাঠ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। বেসরকারি সংস্থা ‘পদক্ষেপ বাংলাদেশ’ মুজিবর্ষ উপলক্ষে বৈচিত্র্যময় এই অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জীবনী পাঠ খুব সহজ নয়। তবে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ বইগুলো পড়লে, তার জীবনের দর্শন, চেতনা ও নিরন্তর সংগ্রাম এবং মানুষের কল্যাণ ভাবনা সম্পর্কে গভীরভাবে জানতে পারা যায়।