
নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছে শতভাগ শিক্ষার্থী। তবে আগের বছরের তুলনায় জিপিএ ৫ বেড়েছে প্রায় সাড়ে তিন গুণ। গতকাল শনিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১১টি বোর্ডের ফল একযোগে প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা এসএমএস, ওয়েবসাইটসহ অনলাইনের নানা মাধ্যমে গতকাল সকাল থেকেই ফল জানতে পারছে।
২০২০ সালে ৯ হাজার ৬৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করে। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৬১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী। জিপিএ ৫ প্রাপ্তির হার ১১.৮৩ শতাংশ। তবে ২০১৯ সালে ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিল ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ৪৭ হাজার ২৮৬ জন। জিপিএ ৫ প্রাপ্তির হার ছিল ৩.৫৪ শতাংশ।