
নিউজ ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মানিকুর রহমান মানিক ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিট পুলিশিং সভায় মন্তেজার রহমান মোন্তাকে মাদক ব্যবসায়ী হিসেবে অভিহিত করে মাদকবিরোধী বক্তব্য দেওয়ায় এ হামলা চালানো হয় বলে জানান মানিক। শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে মন্তেজার রহমান মোন্তা ও তার বাহিনী মানিককে হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ জন্য নিরাপত্তা চেয়ে গতকাল শুক্রবার দুপুরে থানায় জিডি করেন মানিক। রাতেই পরিবারসহ কুপিয়ে তাদের জখম করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মন্তেজার রহমান মোন্তা (৫০) ও তার বাহিনীর সদস্যরা পলাতক রয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে মানিক থানায় জিডি করেন। এরপর রাতেই হামলা চালানো হয়েছে। তবে ওই সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই এ হামলা না, পূর্ববর্তী কোনো শত্রুতার কারণে; তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে।