
নিউজ ডেস্কঃ বাংলাদেশে কর্মরত ডাচ বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস আয়োজিত ‘ই কনক্লেভ অফ ডাচ এনজিওস এঙ্গেজড ইন বাংলাদেশ ' সম্মেলনে অংশগ্রহণকারী ডাচ এনজিও ও ফাউন্ডেশন তাদের এই আশ্বাস পুনর্ব্যক্ত করে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে৷
বাংলাদেশে বিভিন্ন খাতে কর্মরত ৩০টি ডাচ এনজিও এতে অংশগ্রহণ করে। নেদারল্যান্ডসে বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সম্মেলন সঞ্চালনা করেন। চলমান কোভিড -১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করে উন্নয়ন অংশীদারীগণ কিভাবে তাদের কার্যক্রম অবাহত রেখেছে, করোনা পরবর্তী সময়ে তারা কিভাবে তাদের কার্যক্রম পুনর্বিন্যাস করবে, সে সম্পর্কে মতবিনিময়ের লক্ষ্যে একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এতে ব্র্যাক চেয়ারপারসন ডঃ হোসেন জিল্লুর রহমান মূল বক্তব্য প্রদান করেন।