
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্য থেকে দেশে আসা ২৮ জন প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। দেশে ফেরার পর কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ প্রমাণিত হন। তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, গত ২১ জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-২০২’তে যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে আসেন ১৫৭ প্রবাসী। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে বিভিন্ন হোটেলে রাখা হয়।
আগের নিয়ম অনুসারে, তাদের ৪ দিন কোয়ারেন্টাইনে থাকার কথা। তবে এর আগে তাদেরকে নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ প্রমাণিত হতে হয়। এ হিসেবে সোমবার তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দিতে গত রবিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। এতে ২৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।