
নিউজ ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে জানিয়েছেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বর্তমানে (অক্টোবর ২০২০ পর্যন্ত) খেলাপি ঋণগ্রহীতা তিন লাখ ৩৪ হাজার ৯৮২ জন। একশ কোটি টাকার খেলাপি গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে তদারকি বৃদ্ধির জন্য ব্যাংকগুলোকে মনিটরিং সেল গঠনে নির্দেশনা দেয়া হয়েছে। ঋণ আদায় উৎসাহিত করার জন্য পরিশোধিত সুদের উপর ঋণগ্রহীতাদের রিবেট প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।
আবার প্রকৃত ক্ষতিগ্রস্ত খেলাপি গ্রাহকদের সহজ শর্তে ঋণ পুনঃতফসিল ও এককালীন এক্সিটের সুযোগ দেয়া হয়েছে। এছাড়া খেলাপি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে অভিজ্ঞ আইনজীবী নিয়োগসহ বিকল্প বিরোধ নিস্পত্তির মাধ্যমে আদালতের বাইরে বিরোধ নিস্পত্তি করে ঋণ আদায় হচ্ছে। আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সরকার দলীয় এমপি অসীম কুমার উকিলের (নেত্রকোণা-৩) প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।