
নিউজ ডেস্কঃ বহুল আলোচিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কুয়েতে কারাবন্দী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী ও মেয়ের জামিন আবেদনে বাংলাদেশ ব্যাংকের নথি জালিয়াতির ঘটনায় আগামী ১১ ফেব্রুয়ারি রায় দেবেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
এদিকে বাংলাদেশ ব্যাংকের নথি জালিয়াতির অভিযোগের ঘটনা তদন্ত চাইলেন বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রপক্ষ এবং জামিন আবেদনকারীপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, নথি জালিয়াতির ঘটনা ঘটেছে। তবে এরসঙ্গে কে বা কারা জড়িত তা তদন্ত হওয়া দরকার। পাপুলের স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম, তার মেয়ে ওয়াফা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানিকালে দাখিল করা এক নথির পরিপ্রেক্ষিতে জারি করা সুয়োমোটো রুলের ওপর শুনানিকালে এ আদেশ দেওয়া হয়।