
নিউজ ডেস্কঃ অনলাইন রেজিস্ট্রেশন (নিবন্ধন) ছাড়া কেউ করোনা (কোভিড-১৯) টিকা পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন অনলাইন রেজিস্ট্রেশন বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সাংবাদিকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’তে অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়া টিকা দেয়া হবে না।রেজিস্ট্রেশনের বাইরে টিকা দেয়াকে আমরা নিরুৎসাহিত করছি। আমাদের এ ডাটাগুলোকে সংরক্ষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। অনলাইনের এ তথ্যগুলোকে পরবর্তীতে অনেকগুলো কাজে আমাদের লাগাতে হবে।
কেন্দ্র পরিবর্তন করে টিকা দেওয়ার সুযোগ থাকছে না জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, রেজিস্ট্রেশন অনুযায়ী আমরা কেন্দ্রে টিকা পাঠাবো। সেক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করে টিকার সুযোগ দিলে অনেক টিকা নষ্ট হবে। নির্ধারিত তারিখ ও কেন্দ্র অনুযায়ী টিকা নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।