
নিউজ ডেস্কঃ আনন্দময় করতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সরকার মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জিপিএ ৫ এর উন্মাদনা আর নয়। আমাদের জিপিএ ৫ পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। ধারাবাহিক মূল্যায়নের প্রতি গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, পরীক্ষা নির্ভর সনদসর্বস্ব শিক্ষা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। আমরা ধারাবাহিক মূল্যায়ন পদ্ধতিকে গুরুত্ব দিচ্ছি।
রোববার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক শিক্ষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের উদ্যোগে ‘রিকোভার অ্যান্ড রেভিটালাইজ এডুকেশন ফর দ্য কোভিড ১৯ জেনারেশন’ শীর্ষক আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় দীপু মনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া সম্পর্ক আরো বৃদ্ধি করতে সরকার কাজ করছে। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সফট স্কিল সম্পর্কে জানার উপরও গুরুত্ব দেয়া হচ্ছে। লেখাপড়া করে ভাল চাকরী পাওয়াই যেন শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য না হয়। দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতাবোধ, সততা ও নৈতিকতাবোধ জাগ্রত করতে হবে।