
নিউজ ডেস্কঃ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনাগুলো সিএ ও আরএস দেখে চিহ্নিত করে ধাপে ধাপে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সরকারের সকল প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশন সেখানে উচ্ছেদ অভিযান চালাবে বলে জানান তিনি। রোববার (২৪ জানুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে ঢাকা উত্তর সিটি ও দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকার দুই সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে পরিকল্পনা প্রণয়ন করে আজ তারা উপস্থাপন করেছে, এজন্য অনেকগুলো প্রকল্প নিতে হবে, সেজন্য তারা মতামতও দিয়েছে। সেজন্য ঢাকার ডিসি, পূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।