
নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন দেখা দেওয়ায় সেখান থেকে আসা যাত্রীদের সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাত দিন শেষ হলে কোয়ারেন্টাইন থেকেই সরকারিভাবে যাত্রীদের কভিড টেস্ট করে ছেড়ে দেওয়া হবে। দেশের কভিড পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এ ব্যবস্থা। যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইন পদ্ধতিতে এ নিয়ে তৃতীয় দফায় নিয়ম বদলানো হল।
এক জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলেও ১৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হতো। পরবর্তীতে ১৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের পরিবর্তে ৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। এবার ২৪ জানুয়ারি থেকে ৪ দিনের পরিবর্তে ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি’র লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়।আদেশে বলা হয়, যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় ২৪ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা চলমান থাকবে।