
নিউজ ডেস্কঃ স্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা জারির পরই কাজ শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছে স্কুল-কলেজগুলো। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী, এক দিনে সব শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আনা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে কোন ক্লাসের শিক্ষার্থী কবে আসবে সে হিসাব-নিকাশও শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ৩৯ পৃষ্ঠার গাইডলাইন অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নানা ধরনের কাজ শেষ করতে বলা হয়েছে। ইউনিসেফের সহায়তায় গত শুক্রবার রাতে মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত একটি নির্দেশনা ও গাইডলাইন প্রকাশ করা হয়।
শিক্ষকরা বলছেন, যে গাইডলাইন দেওয়া হয়েছে সে অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন না। তবে অবকাঠামোগত কাজ, যেমন-টয়লেটের সংখ্যা বাড়াতে হলে আরো বেশি সময় লাগতে পারে। তবে যদ্দুরই কাজ শেষ হোক না, দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত বেশির ভাগ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের।