
নিউজ ডেস্কঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লীর রাজপথের আকাশে উড়বে ডাকোটা মডেলের বিমান। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বিমানটি।জানা গেছে, এবার ভারতের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ ২৬ জানুয়ারি প্যারেডে অংশ নেবে বাংলাদেশি কনটিনজেন্ট। আর বাংলাদেশি কনটিনজেন্ট প্যারেড করা অবস্থায় আকাশে উড়ে তাদের সালাম জানাবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ডাকোটা। ডাকোটা বিমানটি অনেক আগেই অবসরে চলে গেছে। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ব্যাপক অবদান রয়েছে বিমানটির। মুক্তিযুদ্ধে ভারতের দেওয়া এই বিমানটি নিয়েই বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন অভিযান শুরু করেছিল। এজন্য বাংলাদেশের কাছে ডাকোটা বিমানটি অনেক আবেগের।
আগামী ২৬ জানুয়ারি ভারতের বিমানবাহিনী দিল্লির রাজপথের আকাশে রুদ্র ফরমেশন গড়ে তুলবে। আর সেখানকার প্রধান আকর্ষণ থাকবে কয়েক দশক আগেই অবসরে চলে যাওয়া ডাকোটা। ডাকোটা বিমান ছাড়াও এবার ভারতের প্রজাতন্ত্র দিবসে উড়বে রাফালে এবং তেজাস।ফ্লাইপাস্টে আরো অংশ নেবে অ্যাপাচি এবং চিনক হেলিকপ্টার। আর এবারই প্রথম ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেডে ১২২ সদস্যের বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ কনটিনজেন্ট অংশ নেওয়ার কথা। এর আগে মাত্র দুইবার ভারতের প্রজাতন্ত্র দিবসে বিদেশি কোনো সেনা কনটিনজেন্ট এ ধরনের প্যারেডে অংশ নিয়েছে।