
নিউজ ডেস্কঃ দেশের তফসিলিভুক্ত ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে তালিকা তৈরির নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে দেশের সব তফসিলিভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। করোনাভাইরাস মহামারী মোকাবেলায় খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে ভারত সরকারের দেয়া উপহারের প্রায় ১৮ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। এছাড়া সপ্তাহখানেকের মধ্যে সেরাম ইন্সটিটিউট থেকে কেনা ভ্যাকসিনের প্রথম চালান দেশে আসার কথা রয়েছে।
এ অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখসারিতে কর্মরতদের মধ্যে এসব টিকা প্রয়োগ করতে চায় সরকার। এ লক্ষ্যে তালিকা তৈরির প্রস্তুতি নেয়া হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে এসব তালিকা তৈরির কাজ চলছে। এরই অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নির্দেশনা পেয়ে এ তালিকা তৈরির সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।