
নিউজ ডেস্কঃ নোয়াখালী জেলা আওয়ামী লীগ থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার করে জেলা কমিটি বাতিলের দাবি জানিয়েছেন মেয়র আবদুল কাদের মির্জা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি করেন তিনি। নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর দেওয়া একটি ফেসবুক ভিডিও’র বক্তব্যকে কেন্দ্র করে শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সাংসদ একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বসুরহাট রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলনের করে। পূর্ব ঘোষিত ওই প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এমন দাবি জানান কাদের মির্জা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ১১টা ৩২ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না, আমি কথা বলবো ওবায়দুল কাদেরকে। একটা রাজাকার পরিবারের লোক এ পর্যায়ে আসছে, তার ভাইকে শাসন করতে পারে না। নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে, এগুলো নিয়ে আমি আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলন শুরু করবো।’ কিছুক্ষণ পরে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। তবে এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।