
নিউজ ডেস্কঃ ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনাকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাবের সদস্যরা। চাঁদপুরের মতলব দক্ষিণ থেকে গ্রেফতার হওয়া অনলাইন ক্যাসিনোর ওই মূলহোতার নাম মো. আলমাছ প্রধান। তিনি মতলব দক্ষিণের হাজী মো. বাদশা প্রধানের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ দুই লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত পাঁচটি মোবাইল সেট, পাঁচ লাখ টাকার একটি ব্যাংক চেক, দুইটি এটিএম কার্ড ও অনলাইন ক্যাসিনোর হিসেবের বেশ কয়েকটি খাতা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।