
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২০ জেলেকে মারধর করে ৯ ঘণ্টা পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌ-বাহিনী। বুধবার রাতে ২০ জেলে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া ঘাটে ফিরে আসেন বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আমিন।
ইউপি সদস্য নুরুল আমিন জানান, সেন্টমার্টিনের অদূরে গলাচিপা নামক এলাকায় টেকনাফের শাহপরীর দ্বীপের ৪টি ট্রলারে মাছ ধরতে যায় ২০ জন জেলে। পরে বুধবার দুপুরের দিকে হঠাৎ মিয়ানমারের নৌ-বাহিনী এসে তাদের ধরে নিয়ে যায়। এরপর ৯ ঘণ্টা তাদের আটকে রেখে মারধর করে। এছাড়াও তাদের ৩টি মাছ ধরার জাল নিয়ে নেয়। পরে সন্ধ্যার দিকে তাদেরকে ছেড়ে দেয়।