
নিউজ ডেস্কঃ নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন রিয়াজ উদ্দিন নামে এক যুবলীগ নেতা। আজ বৃহস্পতিবার জেলার সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এই মামলা দায়ের করা হয়। রিয়াজ উদ্দিন জেলার সদর উপজেলার ১০নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক।
আদালতে দায়ের হওয়া মামলা ও বাদির সঙ্গে কথা বলে জানা গেছে, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাম্প্রতিক সময়ের বক্তব্যে নোয়াখালীর সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান সামছুদ্দিন জেহানসহ বাদী ও দলের লোকজনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া বক্তব্য দেয়ার সময় আযান দেয়া নিয়েও আবদুল কাদের মির্জার একটি উক্তি মামলায় উল্লেখ করে ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগ করা হয়েছে।