
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন কারাগারে ৮২ হাজার ৬৫৪ জন বন্দী আটক আছে। তাদের মধ্যে পুরুষ ৭৯ হাজার ৪৫৪ জন ও নারী তিন হাজার ২০০ জন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নোয়াখালী-৩ আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কারাগারে ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অতিপুরাতন, জরাজীর্ণ কারাগারসমূহকে বৃহৎ আকারে নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান আছে। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী নতুনভাবে নির্মিত কেন্দ্রীয় বা জেলা কারাগারসমূহকে কারাগার-১ এবং পুরাতন কারাগারকে কারাগার-২ হিসেবে ব্যবহার করে বন্দী ধারণক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ২০০৯ সাল হতে এ পর্যন্ত মোট ১৭টি কারাগার নতুনভাবে নির্মাণ ও ২টি কারাগার বিদ্যমান জায়গায় রেখে সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে কারাগারের বন্দি ধারণক্ষমতা ১৪ হাজার ৪১৮ জন বৃদ্ধি পেয়েছে।