
নিউজ ডেস্কঃ রাজধানীর মালিবাগে এক গৃহকর্ত্রীকে নির্মম নির্যাতনের পর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করা রেখা নামের সেই গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশ। গৃহকর্মী রেখা লুটকরা স্বর্ণালঙ্কার ও টাকাসহ বড়পলাশবাড়ি গ্রামে তার মামার বাড়িতে লুকিয়ে ছিল। চুরি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি সে ইতোমধ্যে খরচ করে ফেলেছে। উদ্ধার করা হয় ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন। গ্রেপ্তারের পর রেখাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে শাহজাহানপুর থানা পুলিশ। হাজির করা হবে আদালতে।
ঘটনার বিবরণে জানা যায়, বৃদ্ধা মাকে দেখভালের জন্য রাখা হয়েছিল গৃহকর্মী রেখাকে। সেই গৃহকর্মীর নির্মম নির্যাতনেই এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে সেই মা। ভাইরাল হওয়া এক সিসিটিভি ভিডিওতে দেখা গেছে, ওই বৃদ্ধাকে নগ্ন করে চরম নির্যাতন চালিয়েছে গৃহকর্মী রেখা।