
নিউজ ডেস্কঃ প্রেম করে বিয়ে করার পরদিনই স্বামীর বাড়িতে নববধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ বুধবার বিকেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় নববধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।জানা যায়, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার জরাশাহীবাগ এলাকার অগ্রণী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হাশেম খানশুরের মেয়ে স্থানীয় কলেজের ছাত্রী জান্নাতুল রুবাইয়াত তন্বী (২১)।
একই উপজেলার পশ্চিমপাড়ার এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে সাদেক আহমেদ সাইমের সঙ্গে তন্বীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল মঙ্গলবার পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বুধবার সাদেক আহমেদ সাইম বাজারে গেলে শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে তন্বী।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। বাসাইল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।