
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটির খালগুলো দখলমুক্ত করার পাশাপাশি সেগুলো সংরক্ষণ করে সীমানা পিলার বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের সুতিভোলা ও কড্ডা খাল পরিদর্শন শেষে মেয়র আতিকুল ইসলাম এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, খালের সীমানায় যত বড় শক্তিশালী ব্যক্তির স্থাপনাই থাকুক না কেন, তা উচ্ছেদ করা হবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, নদীতে যেমন সীমানা পিলার আছে তেমনি খালেরও পিলারের বিষয়টি নিয়ে ঢাকার ডিসির সঙ্গে কথা হয়েছে। খালের দুই ধারে সীমানা নির্ধারণ করে দিতে হবে। আর এই সীমানার মধ্যে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। এ সংবাদ কিন্তু আমরা সবাইকে দিয়ে যাচ্ছি।