
নিউজ ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “দেশের সকল প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে। এ লক্ষ্যে সরকার কাজ করছে। অথচ একটা সময় মাছের সংকট শুরু হয়েছিলো। রাসায়নিক সারের ব্যবহার, ভূমির অপরিকল্পিত ব্যবহার, পুকুর, হ্রদসহ অন্যান্য জলাশয়ের অপর্যাপ্ততার কারণে মৎস্য উৎপাদন কমে গিয়েছিলো।
একচেটিয়া এক বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে অন্যদিক বিনাশ হয়ে গিয়েছিল। সে জায়গায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য খাতে একটা বিপুল সাফল্য নিয়ে এসেছে। এ সাফল্যের সবচেয়ে বড় কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।”
আজ সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর বোর্ড অব গভর্নরসের ৪০তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।