
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের বিষাক্ত সাপের বিষ উদ্ধার করেছে র্যাব। এ সময় আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে র্যাব-১০ ব্যাটালিয়ানের একটি দল সদর উপজেলার ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকা থেকে দুই চোরাকারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সাপের বিষের চালান উদ্ধার করা হয়। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রটির অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লার ইসদাইর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল (৫৫) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রাকপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে মিজানুর রহমান (৪৩) মধু। অভিযান শেষে গ্রেফতারকৃত দুজনকে রাতে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। এ ঘটনায় র্যাব-১০ এর নায়েবে সুবেদার শেখ মনিরুজ্জামান বাদী হয়ে চারজনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন।