
নিউজ ডেস্কঃ ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। সোমবার (১৮ জানুয়ারি) রাত ১২টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর রাতের দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়েছে। এছাড়াও ভোর থেকে লঞ্চ এবং স্পিডবোট চলাচলও বন্ধ আছে।