
নিউজ ডেস্কঃ চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগুন লেগে গোডাউনসহ দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ ভোররাতে পূর্ব বাজারস্থ একটি কাঠের ভবনে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে এই দুর্ঘটনা ঘটে। আগুনে তিনতলা বিশিষ্ট কাঠের একটি ভবন পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়াসহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তৎক্ষণে শো-রুম ও গোডাউনে থাকা মজুদকৃত মালামাল, নগদ ৬ লাখ টাকা, ভূমির দলিলপত্র, সকল প্রকার লাইসেন্সসহ (ট্রেড, ফায়ার, ভ্যাট লাইসেন্স ইত্যাদি) সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফারিহা ফার্নিচারের স্বত্বাধিকারী মো. খোকন মিয়া জানান, তার শো-রুম, মজুমদাকৃত মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল, প্রয়োজনীয় সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পুড়ে যাওয়া তিনতলা দোকান-ঘরটি মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসও মো. জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগে (শর্ট-সার্কিট) আগুনের সূত্রপাত। তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।