
নিউজ ডেস্কঃ রাজধানীর চকবাজার থানা এলাকা থেকে অস্ত্রসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। বৃহস্পতিবার (জানুয়ারি ১৪) বিকেলে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আটক দু’জন হলেন- রাকিব হোসেন ওরফে হৃদয় (২০) ও মো. এনামুল (২৩)। মেজর শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে র্যাব-১০ এর একটি দল চকবাজার মডেল থানার বকশীবাজার এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ডাকাতদলের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি চাকু জব্দ করা হয়। তিনি আরও জানান, আটকরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় সংঘবদ্ধভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ডাকতি করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।