
নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচনের মেয়র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার (৬৭) মারা গেছেন। তিনি বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) ভোরে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা যায়, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট নিয়ে ১৫ দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানে তৃতীয় দফায় কোভিড-১৯ পজিটিভ আসে। পরে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা থেকে মরদেহ নিয়ে আসার পর দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে জানান তার ছোট ভাই হাজী রশিদুল হক সরকার। আমজাদ হোসেন সরকার অত্যন্ত জনপ্রিয় মেয়র ছিলেন। শিক্ষাসহ এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছেন।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার মৃত্যুর কারণে পৌরসভা নির্বাচন স্থগিত করা হয়েছে। খুব শিগগিরই নতুন করে পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলে জানান সহকারী রিটার্নিং ও সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।