
নিউজ ডেস্কঃ করোনাভাইরাস ধ্বংসকারী ন্যাজাল স্প্রে (নাকে স্প্রে করার ওষুধ) উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশি গবেষকরা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) এই দাবি জানিয়েছে। তারা এর নাম দিয়েছে ‘বঙ্গোসেইফ ওরো ন্যাজাল স্প্রে’। গতকাল মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি সামনে আনে প্রতিষ্ঠানটি।
বৈঠকে বিআরআইসিএমের পক্ষ থেকে বলা হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ জন কভিড-১৯ রোগীর ওপর এই স্প্রের পরীক্ষামূলক প্রয়োগ করে তা নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। স্প্রেটি নাসারন্ধ্র, মুখ গহ্বর এবং শ্বাস ও খাদ্যনালির মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ধ্বংস করতে সক্ষম। এটি করোনা রোগীদের ভাইরাল লোড কমিয়ে মৃত্যুঝুঁকি হ্রাস করার পাশাপাশি কমিউনিটি ট্রান্সমিশন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারবে। আজ বুধবার বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলে (বিএমআরসি) এই স্প্রে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।