
নিউজ ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে দরদামে মিলে গেলে ১ লাখ টন চাল রপ্তানিতে রাজি আছে মিয়ানমার। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে মিয়ানমার সরকারের আলোচনা চলছে।
মিয়ানমারের খাদ্যশস্য সংগঠনের সেক্রেটারি ইউ অং মিন্ট বলেছেন, কয়েক দিনের মধ্যে আমরা দাম নিয়ে আলোচনা করবো। দুই পক্ষের মধ্যে সমঝোতায় পৌঁছানো গেলে সমুদ্রপথে এই চাল পাঠানো হবে। খবরে আরও বলা হয়, চাল উৎপাদনে বিশ্বের ৭ম দেশ মিয়ানমার। মিয়ানমার থেকে সর্বশেষ তিন বছর আগে চাল আমদানি করে বাংলাদেশ।
মিয়ানমারের খাদ্যশস্য অ্যাসোসিয়েশন মনে করছে, যেহেতু সরকার-টু-সরকার আলোচনা হচ্ছে তাই শেষ পর্যন্ত এবার চুক্তি হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে টেন্ডারের প্রয়োজন হবে না। মিয়ানমার বলছে, ব্যাটে-বলে মিলে গেলে ফেব্রুয়ারি নাগাদ তারা বাংলাদেশে চাল পাঠাতে চায়।