
নিউজ ডেস্কঃ বর্তমানে কিশোর গ্যাং একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, সন্তানের মাদকাসক্তির বিষয়ে পরিবারকেই সচেতন হতে হবে। তিনি বলেন,‘আমরা চাই না তারা ড্রাগ (মাদক) নিয়ে নষ্ট হয়ে যাক। বিষয়গুলোর প্রতি পরিবারের সদস্যদের সচেতন হতে হবে। এটা আপনাদের দায়িত্ব। না নিতে পারলে সন্তান কেন জন্ম দিয়েছেন? এই দায়িত্ব পরিবারকে নিতেই হবে।’
সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরের ‘র্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত দরিদ্র মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১ জানুয়ারী থেকে এই ‘র্যাব সেবা সপ্তাহ’ শুরু করে সংস্থাটি। আইজিপি বলেন, কলাবাগানের ঘটনাটি দেখেন, সেখানে ধর্ষণ হয়েছে, হত্যা করা হয়েছে। এটি একটি পুর্ণাঙ্গ ক্রাইম (অপরাধ)। কিন্তু দুজনই শিশু।