
নিউজ ডেস্কঃ রোহিঙ্গাদের ফেরত পাঠানো না গেলে দেশ হুমকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি বলেন, একই শঙ্কা প্রকাশ করেছেন ভারত, চীন, জাপানও। দীর্ঘদিন রোহিঙ্গারা এ দেশে অবস্থান করলে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে গড়তে পারে সন্ত্রাসী গ্রুপ। আর ওই সন্ত্রাসী গ্রুপ বিপদ বয়ে আনবে এ দেশে। তখন বাদ যাবে না মিয়ানমারও। তাই রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন জরুরি।
মিয়ানমারের সাথে একাধিক বার আলোচনায় বসতে চাইলেও বিভিন্ন ইস্যু তৈরি করছে তারা। কারণ মিয়ানমার মুখে বললেও, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তরিক নয়। বাংলাদেশের মত ভারত চীন জাপান ঐক্যমতে পৌছালেও অন্যান্য দেশকে এগিয়ে আসতে হবে। তবেই নির্যাতিত রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। কারণ রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের নয়, পুরো গ্লোবাল সমস্যা। এ বিষয়ে মিয়ানমারের সাথে বৈঠক রয়েছে। আশা করছি শিগগিরই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধাণ করা যাবে।
আজ সোমবার দুপুর ১২টায় রাঙামাটি স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু অ্যাডভেঞ্চার উৎসবের উদ্বোধনকালে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন।