
সনজিৎ সরকার উজ্জ্বলঃ উঁচুনিচু পাহাড়ি লাল মাটি। চারদিকে সবুজের সমারোহ। এ সবুজের মধ্যদিয়ে চলে গেছে ছায়াঢাকা পিচঢালা রাস্তা। মাঝে মাঝে নির্মল স্বচ্ছ পানির জলাশয়। জলাশয়গুলোর লাল শাপলা শোভিত পানিতে পাখির কিচিরমিচির কলতান যেন মুগ্ধ করে প্রকৃতি প্রেমীদের। বিশ্ববিদ্যালয়টির শ্যামল পরিবেশ এবং জীববৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নে সবুজ-শ্যামল প্রকৃতির এ লীলাভূমিতে গড়ে উঠেছে বাংলাদেশের অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ১২ জানুয়ারি (মঙ্গলবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। তবে করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে গৃহীত কর্মসূচি অনলাইনেই সীমাবদ্ধ থাকছে। মঙ্গলবার সকালে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
সূচনালগ্নের কথাঃ ১৯৬০ এর দশকে পাকিস্তান সরকার পূর্ব ও পশ্চিম পাকিস্তানে একই ধরনের দুটি আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। সে অনুযায়ী, ১৯৭০ সালের এপ্রিল মাসে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭০’ এর আওতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়। ১৯৭১ সালের ১২ জানুয়ারি (মঙ্গলবার) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের। ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে চারটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। বর্তমানে শিক্ষক আছেন ৭০৪ জন। শুরুতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ৪টি বিভাগে (অর্থনীতি, ভূগোল, পরিসংখ্যান ও গণিত) শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫০ জন এবং শিক্ষক ২১ জন। নাম পরিবর্তনঃ বিশ্ববিদ্যালয়টি ১৯৭০ সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এ নাম পরিবর্তন করে ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়টিকে স্বায়ত্তশাসন প্রদান করা হয়।
প্রতিষ্ঠা: ২০ আগস্ট ১৯৭০, ক্লাস শুরু: ৪ জানুয়ারি ১৯৭১, আনুষ্ঠানিক উদ্বোধন: ১২ জানুয়ারি ১৯৭১, প্রথম উপাচার্য: অধ্যাপক মফিজ উদ্দীন আহমেদ, বর্তমান উপাচার্য: অধ্যাপক ড. ফারজানা ইসলাম (১৮ তম), অনুষদ: ৬ টি, বিভাগ: ৩৪ টি, ইনস্টিটিউট: ৪টি, আবাসিক হল: ১৬ টি; ছাত্র-ছাত্রী আটটি করে; শিক্ষার্থীর সংখ্যা: প্রায় ১৮,০০০ হাজার শিক্ষক: ৭০৪ জন, সমাবর্তন হয়েছে : ৫ বার, আয়তন: ৬৯৭.৫৬ একর (২.৮ বর্গকিলোমিটার)।