
নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কুশাভাঙ্গা এলাকা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত জিয়াসমিন আক্তার কুশাভাঙ্গা এলাকার কৃষক সোহরাব হোসেনের মেয়ে এবং আটিগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শনিবার রাতেই সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।
নিহত স্কুলছাত্রীর মা রীনা বেগম বলেন, প্রতিবেশী সাইদুর, জসিম, নাছরিন, শিল্পী গংদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে তাদের। দুপুরে ফাঁকা বাড়ি পেয়ে তার মেয়েকে (জিয়াসমিন) মেরে গঁলায় গামছা বেঁধে ঘরের ভেতরে রেখে যায় তারা।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, স্কুলছাত্রী জিয়াসমিনের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার বিষয়টি স্পষ্ট হলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।