
নিউজ ডেস্কঃ 'বিএনপি’র মুখে নিরাপত্তাহীনতার কথায় জনগণ আতঙ্কিত হয়’ বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, আমাদের দলে মুক্তভাবে কথা বলার অধিকার আছে, সেটিরই বহিপ্রকাশ হচ্ছে মির্জা কাদের সাহেবের বক্তব্য।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর নবনির্বাচিত পরিষদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এসময় উপস্থিত ছিলেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এসময় নিজেদের পরিচিতি তুলে ধরেন ও মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ঘরে বাইরে কারো নিরাপত্তা নেই’ এ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যারা পেট্রোলবোমায় মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে এবং হাতে রক্ত ও আগুন নিয়ে মানুষকে প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে, তারা যখন নিরাপত্তাহীনতার কথা বলে তখন মানুষ আতঙ্কিত হয়। মানুষ ভাবে, আবার কোনো পেট্রোলবোমা ধেয়ে আসছে কি না!’