
নিউজ ডেস্কঃ মিনতি খাতুন (১০) নামের এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষিকা শিউলী মল্লিকা সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক।
শনিবার (৯ জানুয়ারি) রাতে শহরের ফজলখান রোড এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে শিশু নির্যাতনের মামলা করেছেন নির্যাতিত শিশুর অভিভাবক।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে খবরটি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী জানান, ৭ জানুয়ারি শিউলি মল্লিকা গৃহকর্মী মিনতি খাতুন হারিয়ে গেছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ৯ জানুয়ারি সন্ধ্যায় মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় মিনতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিলো।