
নিউজ ডেস্কঃ রাজধানীর অদূরে তুরাগপাড়ে নতুন সিটি তৈরি এবং পুরান ঢাকাকে নতুনভাবে পুনঃনির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রোববার (১০ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ‘সবার ঢাকা অ্যাপ’ এর উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তুরাগ নদীর তীরে প্রাকৃতিক পরিবেশসহ আধুনিক সব সুযোগ-সুবিধা সম্বলিত একটি অত্যাধুনিক দৃষ্টিনন্দন শহর তৈরির লক্ষ্যে কাজ চলছে। এছাড়া পুরান ঢাকাকে নতুনভাবে পুনঃনির্মাণ করার মাধ্যমে এমনভাবে সাজানো হবে যেখানে সত্যিকার অর্থেই দেখার মতো একটি শহর হবে। এটি করা হলে দেশের মানুষকে আর বিদেশে ভ্রমণ করতে হবে না, বরং বিদেশিরা ঢাকা শহর ভ্রমণ করতে আসবে।
মন্ত্রী বলেন, ঢাকা শহরের সব খাল দখলমুক্ত করে নগরবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক বাসযোগ্য শহর উপহার দিতে যত চ্যালেঞ্জ আসুক না কেন সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সবার স্বপ্নের ঢাকা বিনির্মাণ করা হবে। ‘হাতিরঝিল থেকে বনানী, হাতিরঝিল থেকে ইউনাইটেড হাসপাতাল পর্যন্ত সংযোগ স্থাপন এবং অন্য খালগুলোকে একটির সঙ্গে অন্যটির সংযোগ করা যায় তাহলে অবশ্যই আমাদের ঢাকা বিদেশের চেয়েও দৃষ্টিনন্দন হবে। এমন একটি শহরেরই স্বপ্ন দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সে স্বপ্ন পূরণে আমরা সবাই নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি।