
নিউজ ডেস্কঃ শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন। তাঁর মতো রাঘব বোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না।
ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল শনিবার দুপুরে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
মানববন্ধনে শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করে সাঈদ খোকন বলেন, ‘তাপস মেয়রের দায়িত্ব নেওয়ার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তাঁর নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তিনি কোটি কোটি টাকা লাভ করছেন। অন্যদিকে সিটি করপোরেশনের কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। এ ধরনের কর্মকাণ্ডের জন্য মেয়র তাপস সিটি করপোরেশন আইন-২০০৯, ২য় ভাগের ২য় অধ্যায়ের ৯(২)(জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।’
সাঈদ খোকন আরো বলেন, ‘মেয়রের দায়িত্ব ছাড়ার আগে আমি বলেছিলাম, যেকোনো প্রয়োজনে আমি জনগণের পাশে থাকব। আমি আমার কথা রেখেছি। আজ মেয়র তাপস যেসব ব্যবসায়ীর ফুলবাড়িয়া ও সুন্দরবন মার্কেট থেকে অবৈধভাবে উচ্ছেদ করেছেন আমি তাঁদের পাশে দাঁড়িয়েছি। বিনা নোটিশে তাঁদের উচ্ছেদ করা হয়েছে।
আজ যাঁরা সিটি করর্পোরেশনে, তাঁরা এই অসহায় মানুষের কান্না শুনতে পাচ্ছেন না।’ এ সময় সাবেক মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে ক্ষতিপূরণ দাবি এবং এ ঘটনার সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।