
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। শ্রমিকদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন পাঁচ শ্রমিক। শনিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে ঘটনার সূত্রপাত। এরপর থেমে থেমে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কারখানায় প্রবেশের নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর বেশকিছু শ্রমিক ঢোকার চেষ্টা করেন। কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কারখানা ম্যানেজার আমিনুল ইসলাম পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ প্রথমে লাঠিচার্জ করে। পরে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।