
নিউজ ডেস্কঃ ৪৩তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের সুযোগ দিতে এটা করা হচ্ছে। শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তবে কতদিন বাড়বে তা এখনও চূড়ান্ত হয়নি। শনিবার (৯ জানুয়ারি) পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ৪৩তম বিসিএসের আবেদন করার সময়সীমা নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ানো হবে। ২০২০ সালে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা হওয়ার কথা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি। পরীক্ষা শেষ করে যাতে শিক্ষার্থীরা আবেদন করতে পারে সে সময়টুকু বাড়ানো হবে বলে জানান নূর আহমদ।