
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনা ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। আমাদের দেশে অনেক কোম্পানিই এই ভ্যাকসিন দিতে আগ্রহী। তবে ফাইজার কোম্পানি বিনামূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। সেই ভ্যাকসিন আমরা গ্রহণ করবো এবং তা ফ্রন্ট লাইনারদের দেওয়া হবে।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনার সংক্রমণ আগের তুলনায় কমে গেছে। সংক্রমণের হার এখন সাড়ে ৫ শতাংশ, সুস্থতার হার ৯০ শতাংশ এবং মৃত্যুর হারও কমে গেছে। আমাদের দেশে কোনো ওয়েভ নেই। যেভাবে আমেরিকাতে প্রত্যেকদিন চার হাজার লোক মারা যায়, বিশ্বে প্রায় ১০ হাজারের বেশি লোক মারা যাচ্ছে। সেখানে আমাদের দেশে এখন মৃত্যু হার খুবই অল্প।