
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি গত ১২ বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল। এই ভাষণে জনগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেছে। এতে উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে।
জাতির উদ্দেশ্যে বৃহস্পতিবার দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের বিষয়ে বিএনপি নেতাদের অসত্য বক্তব্যের জবাবে আজ শুক্রবার তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভাষণ সময়োপযোগী ও দিক-নির্দেশনামূলক বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত এক যুগে আর্থ-সামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র এই ভাষণে ফুটে উঠেছে।