
নিউজ ডেস্কঃ কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকরা গত ১১ মাসে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছে সাড়ে ৫ লাখ অভিযোগ জমা দিয়েছে। এবিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, এত বেশি অভিযোগ থেকে বোঝাই যাচ্ছে গ্রাহকরা সেবা পাচ্ছেন না। গ্রাহকের সমস্যার সমাধান এবং সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের কাজ। সেই কাজটি আমরা সঠিকভাবে করতে চাই। ইতোমধ্যে কিছু উদ্যোগও নেয়া হয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান বলেন, প্রত্যেক গ্রাহকের সেবা নিশ্চিত করা হবে। টাওয়ার কম্পানিগুলো নিয়ে কিছু জটিলতার কারণে এতদিন নেটওয়ার্কে কিছু সমস্যা হয়েছে। জানুয়ারি থেকে কাজ শুরু হয়েছে। এ মাসেই ৫০০ টাওয়ার বানানো হবে। পাশাপাশি তাদের সঙ্গে স্পেকট্রাম কেনার বিষয়েও আলোচনা হচ্ছে। শিগগিরই তারা আরো কিছু স্পেকট্রাম কিনবে।
বাংলাদেশে যেখানে প্রায় ২০ লাখ মানুষকে এক মেগাহার্ডজ স্পেকট্রাম দিয়ে সেবা দেয়া হয়, সেখানে উন্নত দেশগুলোতে এক লাখ মানুষের জন্য এক মেগাহার্ডজ স্পেকট্রাম বরাদ্দ রাখা হয়। ফলে কিছু জটিলতা ছিল। সেই জটিলতাগুলোর সুরাহা হয়ে যাচ্ছে। এখন থেকে সেবার মান আরো উন্নত হবে, পাশাপাশি মানুষের অভিযোগও কমে যাবে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।