
নিউজ ডেস্কঃ গাজীপুর ও নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ইস্ট ওয়েস্ট লিমিটেড কারখানার শ্রমিকদের আন্দোলনে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে সকাল ৬টা থেকে দুপুর দুইটা পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতর কুংতন এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) নামে একটি রপ্তানিমুখী কারখানায় সাড়ে ৬ হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ করেন শ্রমিকরা।
গাজীপুরের আন্দোলনকারী শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ বেতন দেয়া নিয়ে তালবাহানা করছে। সকালে শ্রমিকরা বেতন দাবি করলে নভেম্বর মাসের বেতন, এ মাসের ১৫ তারিখে দেবে বলে আশ্বাস দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কর্মবিরতি শুরু করেন তারা।