
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে অরাজকতা সৃষ্টির জন্য সব সময় জঙ্গিদের এক ধরণের প্রচেষ্টা থাকে। কিন্তু জনগণ তাদের কোনো সমর্থন বা আশ্রয় প্রশ্রয় দেয় না। পাশাপাশি বর্তমানে সরকার ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে জঙ্গিরা তাদের ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সক্ষমতা হারিয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে অপরাধ নানা ধরনের ডালপালা মেলছে। বিশেষ করে সাইবার ক্রাইম একটি বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তাই যুগের সাথে তাল মিলিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হচ্ছে। যাতে দেশের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। কারণ আইন শৃংখলা স্বাভাবিক না থাকলে চলমান উন্নয়ণ প্রক্রিয়া ব্যাহত হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব-১৩ রংপুরের উদ্যোগে র্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের ৮ হাজার দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।