
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৬ জানুয়ারি) ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সঙ্গে টেলিফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোন আলাপে ড. মোমেন করোনার সময়ে বাংলাদেশের প্রায় ৭ লাখ প্রবাসীকে দেখভাল, একজনকেও চাকরিচ্যুত না করা এবং সম্প্রতি প্লেন যাতায়াত চালু করে প্রায় ৪০ হাজার আটকে পড়া শ্রমিক ফেরত নেওয়ায় তাকে ধন্যবাদ জানান। সম্প্রতি ওমানের প্রচেষ্টায় কাতার ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সম্ভব হয়েছে বলেও ধন্যবাদ জানান মোমেন। বাংলাদেশে সফলতার সঙ্গে করোনা মোকবিলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তথ্য আদান-প্রদানসহ দু’দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে বলে উল্লেখ করেন তিনি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দু’দেশের পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমান্বয়ে আরো দৃঢ় হচ্ছে।