
নিউজ ডেস্কঃ দেশের ২০০ উপজেলায় স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্র স্থাপনের কাজ আগামী জুন মাসে শেষ হবে। ইতোমধ্যে বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্পের আওতায় এই কাজ শুরু হয়েছে।‘আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ (কম্পোনেন্ট এ) প্রকল্প’ নামের এই প্রকল্পে মোট ব্যয় ৫২০ কোটি ১৫ লাখ টাকা ধরা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রকল্পটি নিয়ে আলোচনা শেষে বাস্তবায়ন কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্ব ওই বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মো. মোতাহার হোসেন, মো. নাসির উদ্দিন ও নাহিদ ইজাহার খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের কার্যপত্রে বলা হয়, আবহাওয়া তথ্য সেবা ও আগাম সতর্কবাণী পদ্ধতি জোরদারকরণ প্রকল্পটি ৪৬২ কোটি ৯৩ লাখ টাকা বিশ্বব্যাংকের ঋণ সহায়তা ও ৫৭ কোটি ২২ লাখ টাকা সরকারি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালের জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। শেষ হওয়ার কথা চলতি বছরের জুন মাসে। এই প্রকল্পের মাধ্যমে ২০০টি উপজেলায় স্বয়ংক্রিয় কৃষি আবহাওয়া যন্ত্র স্থাপন ছাড়াও চারটি বিভাগীয় শহরের ওয়াসা অফিসে ৬৫টি স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন এবং ৩৫টি সনাতন পর্যবেক্ষণাগারে স্বয়ংক্রিয় বৃষ্টি পরিমাপক যন্ত্র স্থাপন করা হবে।