
নিউজ ডেস্কঃ শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে মালিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ মঙ্গলবার দুপুরে খুলনা মহানগরীর এক অভিজাত হোটেলে শ্রমিকদের পুষ্টিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণে আঞ্চলিক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই আহ্বান।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকরা পুষ্টিকর খাবার গ্রহণ করে সুস্থ থেকে কর্মে নিয়োজিত থাকলে কারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। শ্রমজীবী মানুষের হাতেই উন্নয়নের চাবিকাঠি। সুষম খাদ্য উৎপাদনও তাদের হাতেই। প্রতিমন্ত্রী ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে ১৮(১) অনুচ্ছেদে পুষ্টি বিষয়টি সংযুক্তির জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শ্রম প্রতিমন্ত্রী শ্রমিকের পুষ্টিসেবা নিশ্চিতকরণে কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের মালিক ও শ্রমিকদের নিয়ে আন্তরিকতার সাথে ভূমিকা রাখার নির্দেশ দেন।